নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০টি যানবাহন দিল ভারত
নেপালের আসন্ন সাধারণ নির্বাচন (আগামী ৫ মার্চ) সামনে রেখে নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে দ্বিতীয় দফায় ২৫০টিরও বেশি এসইউভি ও ডাবল-ক্যাব পিকআপ গাড়ি উপহার দিয়েছে ভারত সরকার।
গত বৃহস্পতিবার কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স আ.ই.) নেপাল সরকারের কাছে এসব যানবাহন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অনুষ্ঠানে নেপালের অর্থমন্ত্রী রমেশোর প্রসাদ খানাল এবং নেপাল নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারী উপস্থিত ছিলেন।
নেপাল সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত সরকার এই যানবাহনসহ নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন সামগ্রী সরবরাহ করছে, যা নির্বাচনের সময় লজিস্টিক ও প্রশাসনিক সহায়তায় ব্যবহার করা হবে। উল্লেখ্য, প্রথম দফার সহায়তা চলতি বছরের ২০ জানুয়ারি হস্তান্তর করা হয় এবং আগামী সপ্তাহগুলোতে আরও চালান পৌঁছানোর কথা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যে অর্থমন্ত্রী রমেশোর প্রসাদ খানাল ভারত ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করে ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সহায়তা আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এদিকে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, এই সহায়তা দুই দেশের মধ্যে বহুমাত্রিক উন্নয়ন অংশীদারত্ব, পারস্পরিক আস্থা ও গভীর বন্ধুত্বের প্রতিফলন।