জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ছাত্রজনতা।
শনিবার (৮ আগস্ট) রাত ৮টায় উপজেলার হরিপুর বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রজনতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এর অপসারণ ও সেচ্ছাচারিতামূলক নিয়োগ বাতিল করে পুনঃ নিয়োগ পরীক্ষার দাবী জানান। নিয়োগ প্রত্যাশীদের দাবি, প্রকাশিত ফলাফল যোগ্যতা ও স্বচ্ছতা ভিত্তিতে হয়নি। নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের আশ্রয় নিয়েছেন ইউএনও সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যোগ্য প্রার্থী বাছাইয়ের দাবি জানান তারা।
সিলেট জেলা মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ সাংঘঠনিক সম্পাদক এডভোকেট নিজাম আহমদ বলেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি। তা না হলে আগামীকাল ইউএনও কার্যালয় ঘেরাও সহ আরো কঠোর আন্দোলন করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে। এখানে কোন জালিয়াতি হয়নি। এছাড়া তিনি আরো জানান, নিয়োগের ক্ষেত্রে কে আওয়ামী লীগ আর কে বিএনপি এগুলো যাচাই করা হয়নি। নিয়োগ প্রাপ্তিদের তথ্য যাচাই বাছাই করার জন্য আমি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছি ।